
দুই ম্যাচের জয়হীন ধারা কাটিয়ে জয়ে ফিরতে ইন্টার মায়ামির জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। নিউ ইংল্যান্ড রেভল্যুশনের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
রোববার (১ নভেম্বর) নিউ ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে মায়ামি। ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। তবে ৬৯ মিনিটে মেসির দারুণ অ্যাসিস্ট থেকে হেডে গোল করে সমতা ফেরান জার্মান বারতারামে।
এরপর ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন মেসি। বক্সের সামনে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর তিন ডিফেন্ডারের বাধা সামলে বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নারকে পরাস্ত করেন আর্জেন্টাইন মহাতারকা।
এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারের ৯৩৭তম গোলের দেখা পান মেসি। এর মধ্যে ৮২২টি গোলই এসেছে ওপেন প্লে থেকে, যা ফুটবলে সর্বোচ্চ। গোল ও অ্যাসিস্টে অবদান রেখে ইন্টার মায়ামির জয়ে বড় ভূমিকা রাখেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।